কবিতা বুড়ির ছাপ
কবি অসীম চক্রবর্ত্তী
লিখার স্থান কলকাতা
Review This Poem

প্রায় সকলের চোখ পড়ছে
আঁকা প্রদীপের আলো টিমটিমে জ্বলছে
সবাই দেখছে পুরানো ফ্রেমে আরেকটি বিজ্ঞাপন
বিজ্ঞাপনদাতা কি বোঝে এই আঁকা কতো অতিরঞ্জন ?

কিছুদিন আগেও চোখ পড়তো
আঁকাতে প্রদীপের আলো প্রজ্বলনে জ্বলতো
তখন থাকতো ভিন্ন বিজ্ঞাপন, অতি মনোরঞ্জন
মুগ্ধ সবাই তাকিয়ে খালি দেখতো বেশ কিছুক্ষণ ।

অশোভন বিজ্ঞাপনে কৌতূহলি চোখ
পরচর্চা রোগীদের নিতান্ত ফালতু রোগ
সেই পুরানো ফ্রেমে নতুন বিজ্ঞাপনের উদ্দেশ্যে
কেউ ভ্যাংচায় এক নিঃশ্বাসে তার অন্তরে সহাস্যে ।

শ্রেণীবদ্ধ আলোচনা একটাই জনেজনে
‘বুড়ির ছাপ পড়েছে দ্যাখরে বিজ্ঞাপনে’
ইতস্তত ভাব, বিজ্ঞাপনদাতা অস্থির, ফ্যালফেলে চোখ
সেও জানে ফ্যাকাসে করেছে তারে সময়ের জোঁক ।

তবু আঁকে ছাপ ঢেকে
আসে নতুন বিজ্ঞাপনে । পথে ঘাটে
এই ভবে টেক্কা দিতে যৌবনের মাঠে
যেমন প্রদীপ নেভার আগে একবার জ্বলে ওঠে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted