| কবিতা | কাজের ছেলে |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৪ ফেব্রুয়ারী, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
এই গাঁয়ের এক কাজের ছেলে
ভীষণ সরল ভাষী,
চোখ থেকে তার উপচে পড়ে
স্বপ্ন রাশি রাশি।
মুখটিতে রোজ সবুজ মাঠের
ঊর্মি করে খেলা,
মিষ্টি গানের সুর শুনে মেঘ
আশায় বাঁধে ভেলা।
ঝক ঝকে দাঁত হাসির ধারে
ছড়ায় চাঁদের জ্যোতি,
দেয় রুখে তার নম্র চলন
উগ্র তারও গতি।
শীতল ছায়ার ধ্যান জেগে রয়
চওড়া বুকে বসে,
ডাক দিলে ‘মা’ মায়ায় পড়ে
সাঁঝের তারা খসে।
কাজ থাকে তার সবল হাতে
ভর দিনমান মাতি,
সৃষ্টি সুখের উল্লাসই তাই
দেয় পোহায়ে রাতি।