| কবিতা | যথেচ্ছাচার |
| কবি | বোরহান রাব্বানী |
| কাব্যগ্রন্থ | নিখোঁজ বিজ্ঞপ্তি |
| সময় | ২৩ অক্টেবর ২০১৯ |
| লিখার স্থান | নাসিরাবাদ, চট্টগ্রাম |
আমাদের বহুদিন দেখা হয় না, কথা হয় না
আনন্দ বেদনার ভাগাভাগি হয় না
একদিন খুব বেশি হয়েছিল বলে বোধহয়
আজ আর একেবারে কোন কিছুই হয়না।
আমরা একে অন্যকে লুকিয়ে দেখি
ফেইসবুকে, সোশ্যালে কে কখন অ্যাক্টিভ ছিল
কে কি শেষ পোস্ট করছে তার খেয়াল রাখি
মাঝেমাঝে রাত জেগে কবিতায় খোঁজাখুঁজি করি।
ওগুলো যে ঠিক কবিতা হয় তাও না,
এ কেবল আমাদের অনুভূতির বহিঃপ্রকাশ।
আমাদের বহুদিন কোন খুনসুটি হয় না বলে—
বুকের ভেতর খচখচ করা কথাগুলাে ওভাবে
কবিতার নাম করে বেরিয়ে আসতে চায়
এসবকে কি আদৌ কবিতা বলা চলে!
আমরা এক শহরে থাকি, একি গলির মাথায়
দু’জনার বাস
সকালে একি কাকের ডাকে আমাদের ঘুম ভাঙে,
একি হকারের চিৎকারে আমাদের পড়াশোনায়
ক্ষতি হয়।
তবুও মাঝেমাঝে মোড়ের দোকানে কোন দিন
হুটহাট দেখা হয়ে গেলে—
আমরা একে অন্যকে দেখেও না দেখার ভান
করে চলে আসি।
বাসায় এসে বসে থাকা দায় হয়ে পড়ে—
সটান হয়ে শুয়ে পড়ি।
বুকের ভেতরটা কেমন জানি করে—
বড় বড় নিঃশ্বাস— অদ্ভুৎ হাহাকার তার
এই ‘কেমন জানি’ করাটাকে কি আদৌ
প্রেম বলা যাবে?
এসবের কিছুই আমরা জানি না।
শুধু জানি আমাদের ভেতরটা রাতের শেষে দিন
আর দিনের শেষে রাতের মতো পরিপূর্ণ শূন্য।
একে প্রেম বলা যাক বা না-যাক
অন্তত বেঁচে থাকা বলা যায় না মোটেও।