কবিতা ফাগুন রাতের ধুন
কবি হাকিকুর রহমান
Review This Poem

মন যে আমার হয় বিবাগী
বাঁশের বাঁশির কান্না শুনে,
তন্দ্রাহারা রাত্রি জাগে
উদাস করা ক্ষণটি গুনে।।

কি বাহারে ভোমরা উড়ে
বনমহুয়ার পাপড়ি জুড়ে
সুবাস ছড়ায় শুভ্র জুঁথী
কাতর ঘুমে পথ সারথী,
কে যে কোথায় রইল জেগে
মায়ায় ভরা জালটি বুনে।।

চাঁদনী রাতে তন্দ্রা কাড়ে
কোন আবেশে ভাবনা বাড়ে
লজ্জাবতীর লতা ঘুমায়
শিহর ভরে প্রাণটা জুড়ায়,
মন যে কাড়ে দূর পাহাড়ে
ফাগুন রাতের কোন সে ধুনে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted