বাংলা কবিতা, একটি কুকুরের বায়োডেটা কবিতা, কবি সুবোধ সরকার | কবিতা অঞ্চল
Review This Poem

বাবা জার্মান, মা থাকত এন্টালির গলিতে
জন্মের সময় ওজন : ২১/২ পাউন্ড, ডাকনাম জিনা
বাড়ির মেয়েরা ডাকে ফুচু, ফুচুমণি, ফুচান…
গায়ের রঙ কুচকুচে কালো, লেজ নেই।

দিনের বেলায় আট টুকরো গরুর মাংস
রাতে একবাটি দুধ। এখন বয়স তিন
আজ পর্যন্ত কাউকে কামড়ায়নি।

শুধু গেল বার ভোটের আগে
ধুতিপরা এক ভদ্রলোক এসেছিলেন
করজোড়ে ভোট চাইতে

জিনা তাকে তেড়ে গিয়েছিল রাস্তা পর্যন্ত
কামড়ায়নি, কামড়ালে, জিনার বায়োডেটা বলছে :
জিনা নিজেই পাগল হয়ে যেত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments