বাংলা কবিতা, বিকেলবেলা কবিতা, কবি শঙ্খ ঘোষ | কবিতা অঞ্চল
কবিতা বিকেলবেলা
কবি শঙ্খ ঘোষ

সারা দিনের পর অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়েছি আজ বিকেলবেলা
আজ স্বপ্ন দেখেছি যে-স্বপ্ন দেখার কোনো কথা ছিল না আমার
যে, একটা নয় দুটো নয় তিন-তিনটে রুপোলি গোলক ঝকঝক
                                                    করছে ঢালু আকাশে
তার নিশ্বাস যতদূর পৌঁছয় ততোদূর টলে পড়েছে মানুষ

সবার মুখ তাই থমথমে আমি জিজ্ঞেস করি ওখানে কী, কী হয়েছে ওখানে
একজন বলে ও কিছু নয় মা বলল জলের রঙে আগুন
অনেকদিন আগে এ-রকমই হয়েছিল একবার, ঘরদুয়োর সব বন্ধ ক’রে দাও
সেবার আর বাঁচে নি কেউ মড়কে ছেয়ে গিয়েছিল দেশ

রূপোলি আলো পারদের মতো ঘন হয়ে এগিয়ে আসে আমার মুখের ওপর
যেন জল থেকে গাঢ়তর জলে ডুবে যায় সমস্ত শরীর
কাগজে তৈরি আমার ভাইয়ের মুখ ঝুলে পড়ে কার্নিশ থেকে বাইরের
                                                                     হাওয়ায়
আর দেখতে দেখতে অবেলার ঘুম ভেঙে যায়, দুচোখ ভার |

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments