| কবিতা | প্রিয়তমা পৃথিবী |
| কবি | মোশাররফ শরিফ |
| সময় | ২০/০৮/২০২১ |
| লিখার স্থান | ধানমন্ডি, ঢাকা-১২০৫ |
ছিল সবই ঠিক ঠাক
বাহারী বাতাস রাখঢাক চুন সুরকি পলেস্তারা
উজানের নাও জোনাকির নরোম নরোম আলো
মর্ত্যলোক শুক-শাড়ী নারীর আহ্লাদী আবেশ
কেবলি তোমার নিরুদ্দেশে শব্দহীন সমাবেশ
করোনাম্লান কলরোল বাসুকির শেষ হলাহল শ্মশানে উপচেপড়া শব গঙ্গার সলিল সমাধি
কেবলি তোমায় খুঁজি।
ছিল সবই ঠিক ঠাক
হিজলের ঘ্রাণ ডাহুকের ডাক অন্তরঙ্গ অতনু
বেহায়া যৌবন মানেনা করোনা তাতা থৈথৈ
নাচে জন্ম নাচে মৃত্যু আদমের পদচিহ্ন মাভৈ।
গালিবের মায়াবী গজল বহে মৃদুমন্দ সমীরন
জীবন বহতা নদী অলি গলি তস্য-গলি তবুও
মহামারী, মুখ নয় মুখোশ হল সভ্যতার নিয়তি
মুখোশে তোমায় খুঁজি।
ছিল সবই ঠিক ঠাক
গোলাভরা ধান গহীন পরান এক গুচ্ছ কদম
খোদার কসম তুমি ল্যুভর মোনালিসার হাসি
বেলির সুবাস আর অম্বরের আতরে কামেশ্বরী
ওড়ে সোনালি ডানার চিল বিকেলের নম্র আকাশ
পৃথিবীর গভীর গভীরতর অসুখ অভাব অম্লজান
প্রিয়জন প্রয়োজন সঙ্গসুখ নিরোগ নীলকণ্ঠ তুমি
এখনো তোমায় খুঁজি।
ছিল সবই ঠিক ঠাক
মানব মানবীর পথ শ্বাপদসংকুল জরা মরা ক্ষরা অতিমারি অনাহারী দূষণ ধরা,মরিতে চাহিনা তবুও
প্যারিসের প্রেম পরকিয়া হেলেন অন্ধকবি হোমারের
ইন্দ্রজাল আপাদমস্তক শব্দশ্রমিক এক মজুরের
ঘাম কাম কবিতা; মাতৃজঠর থেকে নিক্ষিপ্ত নির্মূল
বাউল, আকণ্ঠ আধারে খুঁজি আলো সভ্যতা সুন্দর
জননীর নির্মল আংগুল।