কবিতা আসমানী মেয়ে
কবি মেহেদী হাসান রানা
সময় ১৭ আগস্ট ২০২১ দুপুর।
উৎসর্গ আসমানি কে
লিখার স্থান কাশিমপুর, গাজীপুর।
Review This Poem

আসমানি মেয়ে তোমার জন্য আজ আসমানের রং কালো
পুরো পৃথিবী কালো মেঘের আধারে নিমজ্জিত
তবু আমি খুব যত্নে বৃষ্টির ফোঁটা গুনছি,
শুনছি দূর হিমালয় থেকে ভেসে আসা অচেনা পাখির ডাক
তোমার পছন্দের রং কালো বলে পাখিটির নাম রেখেছি কাক।

বৃষ্টি থেমে গেলো, মৃদু বাতাস বইছে
কোথা থেকে যেনো বেলী ফুলের শুভ্র সুরভী আমার মগজে ধাক্কা খেলো
আমার দম বন্ধ হয়ে আসছে,
কি যেনো আমাকে গ্রাস করে নিচ্ছে
হঠাৎ তুমি মেঘের রথে অদৃশ্য ডানায় সামনে এসে দাঁড়ালে আর আমার পুরো পৃথিবী স্থির দাঁড়িয়ে গেলো।

তোমাকে দেখেতো এ পৃথিবীর মনে হয় না
পৃথিবীতে এমন মেয়ে হতেই পারে না
যার সোনালী কালো চুলে ঝর্ণা ঝড়ে,
দাতে মুক্তোর দানার মতো জোনাক জ্বলে,
ঠোঁট যেনো পিকাসোর আঁকা কোনো এক বিখ্যাত চিত্রকর্ম,
চোখে সাত সাগর তেরো নদীর জলরাশি
পুরো পৃথিবীর মধু মিশ্রিত তোমার হাসি,
এমন মেয়ে এই পৃথিবীর হতে পারে না
তুমি নিশ্চয় আসমানি মেয়ে, আসমানে তোমার তোমার বসবাস।

আমি হারিয়ে যাচ্ছি তোমার ঐ চোখের কৃষ্ণগহ্বরে
দেখছি সৈনিকেরা অস্ত্র রেখে গোলাপ হাতে যুদ্ধক্ষেত্রে লড়ছে
বিক্ষুব্ধ জনতারা শান্তির কথা বলছে, বলছে ভালোবাসার বাণী, প্রেম নাকি জীবনের চেয়ে দামী।

ঠিক এমন সময় কালো মেঘ ভেদ করে সূর্যের রশ্মি এসে পৃথিবীর বুকে পড়তেই তুমি উড়ে গেলে
আমার ও ঘোর কেটে গেলো,
মাটি থেকে তোমার ছায়া উঠে যেতেই
আমার মায়া কেটে গেলো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted