| কবিতা | রিপু-সম্ভব |
| কবি | মাহু মাহবুব |
'আবার হবে তো দেখা', আশা নিয়ে ফিরে গেছে কাম
তারাভাঙা ফুলটুকু ছুঁয়ে আজ ফের জলে নামলাম।
স্রোত মেখে চলাচল, ভুল গানে নিভে যায় ক্রোধ
আগুনেরা খুব কাছে এলে আড়ি-ভাব সব শোধবোধ।
লোভটুকু তোলা থাক, ভিজে যাক মেঘেদের ডানা
চিঠিদের বাড়ি হোক, শিশিরের জোনাক-ঠিকানা।
কারা যেন ঘুম লেখে চোখে, কারা শুধু মন ভালোবাসে?
জোয়ারের নদী ভেসে গেলে মদ থেকে মত্ততা আসে।
চুপিচুপি কতো কথা হয়। কত কথা জানে মোহজাল।
সবাই গোপনে লেখে - এসো বসো আদর-সকাল।
'ও কেন জ্যোৎস্নামুখী হল?' মাৎসর্যে জ্বলে যায় চোখ।
সব ট্রাম ফিরে গেলে পড়ে থাকে আহত সড়ক।
বাড়তি ছিল না কিছু, পিঠোপিঠি বেড়ে গেছে দেনা।
কাকভোরে চলে যায় যারা, তারা কিন্তু সত্যি ফেরে না।