| কবিতা | সান্ধ্যকালীন |
| কবি | কৌশিক মজুমদার শুভ |
দুঃখিত পাহাড় ছায়ায়
নিশ্চুপ মখমল রোদ
জলদ অশ্রু ঝরায়
নিথর শেষেরপ্রহর।
ফুলেরা ঝরেই খুশি
ডুবেছে সূর্যসিঁদুর
মানুষও সান্ধ্যকালীন
চলেছে অনন্তপুর।
শীতশীত লোমের আড়াল
ঘুমায়ে নকশী কাঁথায়
গলেছে চাঁদের আলো
জমেছে শিশির পাতায়।
আমিও একলা বসে
শিশুটি কোলের উমে
তুমি এই সান্ধ্যআলোয়
মজেছো নিরব ঘুমে।
ওখানে জারুল বনে
দুপুরে খিটখিটে রোদ
নিভেছে আঁধারবেলায়
নিরব ওই তোমার কবর।