খবরে শুনি গতকাল শেয়ার মার্কেটে ধ্বস- ফোন হুটহাট ডেকে ওঠে- শুনি আমার মা অস্থির, মালা জপ করেন- মৃত বাবার ছবিতে মাকড়সারা নতুন একপ্রস্থ জাল বোনে, বোনের স্বামী টেলিফোন লাইন বিচ্ছিন্ন করে ট্রানজিস্টরে মন দেন- ভাবী নাকি ঘরে তালা দিয়ে বাপের বাড়ি গ্যাছে, প্রেমিকা উড়ে গ্যালো লম্পট শকুনের সাথে।
জানি শেষমেশ সব ছেড়ে আশ্রিত হতে হয় লাল-নীল পানীয়ের কাছে, এইসব উত্যক্ত করা রাত অলক্ষ্য ভরে দেয় ভ্রূণ আমার চিন্তার জাইরাসে-
এইসব হাঁড়হিম রাত- হৃদয়ের অস্থির চলাচল- লাশবাহী গাড়িদের ছুটে আসা- মেডিকেল মর্গের ফ্রিজ- আমি সরে যাচ্ছি ক্রমশ- যেন কর্কশ পিস্টনে হাইড্রোলিক চাপ পড়ে আমার বুকে- পাঁজরেরা কড়কড় করে ভেঙে যায় ভুট্টার মতো- নাড়া দিলে বুকের ভেতর ঝনঝন বেজে ওঠে মিউজিক,
পৃথিবী কষ্টের মিউজিয়াম এক- আমি ফসিল হয়ে ডিসপ্লেতে, ম্যাজিক কার্তুজে- শিকারী শামুক ছুটে আসে, তুকতাক করে- কৌশলে নিয়ে যায় আমার চিন্তার প্রাগৈতিহাসিক টেমপ্লেট- যেন মৌসুম এলে শামুকের মতো মুখ খোলে আমার চিন্তারা- গলা ছাড়ে-
ফূর্তি-হল্লা ও হুল্লোড়- যেন জোঁক তার চোষকে চুষে নেয় আমার শেষফোঁটা রক্ত- জানি এইসব ব্যস্ততায় অপেক্ষা শুধু মুখের ভাষা- মৃত্যুর পয়গাম, এইসব রক্তের চলাচল- পৃথিবীর বায়ুবর্তে- প্রত্যাখানের গোলাপ- আশা; উপেক্ষা ও উপেক্ষিত সব মোনাফেকি, নারী ও চিন্তায় কর্পূর উদ্বায়ী এই সব ভালোবাসা।
আমার দুই হাত- তোমার দিকে বাড়িয়ে- দেখি কোন ফাঁকে মাড়িয়ে গ্যাছো আমার পলিসিস লঙ্গাস- শুকনো আকাশে লটকে পিউপিল- আমার মেলানকোলিক আত্মা উৎসাহে চোখ রাখে হ্যালির টেলিস্কোপে- জানি মহাকাশে প্রেম উড়ে এলে ধরা দেবে হাবল এ ও- তবু হিমোগ্লোবিন গলে যায়; ক্ষুধায়- স্যালাইভা উগরে এলে, গিলে ফেলি এক ঢোক- যেন উপরের কালো আবরণে আমি এক ব্যর্থ হৃদয় মানুষ অথবা নুনে ফেটে ত্বক ক্ষীয়মান- বিব্রত জোঁক।
যেন বিকল রেডিও এক মন- আমি হাতে নিয়ে নাড়িচাড়ি- দেখি ঠকঠক কড়কড় শব্দে বেরিয়ে পড়ে একঝাঁক স্ক্রু- আমি জানি বিকল হলে মেরামতি চালানোর জন্যে যেতে হয় মেকানিক অথবা রিসাক্লিং এ- পৃথিবী এক হিপোক্রট মেকানিকের কারখানা- আমি এক বিব্রত মরাল। গোলাপ ও কয়েকটি বিশ্বযুদ্ধে বারুদের গন্ধ নিয়ে আমি বাগানের পাশে বারান্দায় রুয়েছি গন্ধ বকুল- জানি, ঘোড়াদের আস্তাবলে পাশে এইসব বেমানান ফুলগাছ রুয়ে লাভ নেই কোনো, সকলেই জানে মস্ত ঘোড়াদের মিলনে অদ্ভুত বৈচিত্র্য আছে- আমি স্মৃতিভুল করে ফ্লাসের মতো টেনে সাফ করে ফেলি মন ও মগজ- পৃথিবীর কাদা ও জলে এ এক অসুন্দর বাস্তবতা জেনে।