কবিতা পৃথিবী ও সময়
কবি জীবনানন্দ দাশ

সময়ের উপকণ্ঠে রাত্রি প্রায় হয়ে এল আজ
সূর্যকে পশ্চিমে দেখি সারা শতাব্দীর
অক্লান্ত রক্তের বোঝা গুছায়ে একাকী
তবুও আশার মত মেঘে মেঘে বলয়িত হয়ে
শেষ আলো ঢেলে যায়;- জ্যোতিঃপ্রাণধর্মী সূর্য অই;
একদিন অ্যামিবার উৎসরণ এনেছিল;
জীবনের ফেনশীর্ষ সিন্ধুর কল্লোল এক দিন
মানুষকে পেয়ে;- না-মর্মী মানুষ সেই দিন
ভয় পেত, গুহায় লুকাত,- তবু সূর্যকরোজ্জ্বল
সোনালী মানবী তাকে 'হাঁ' বলাল;- নীল
আকাশ নগরীরেখা দেখা দিল;- শঙ্খ আমলকী
সাগর অলিভবন চেনা গেল রোদ্রের ভিতরে;
শ্বেতাশ্বতর-প্লেটো-আলোকিত পৃথিবীর রূপ
অনাদির দায়ভাগে উৎসারিত রক্তের নদীর
শিয়রে আশার মত জেগে উৎসাহিত সূর্যকরে
সহসা নতুন হিংসা রক্ত গ্লানিমার কাছে প্রতিহত হয়ে
ধীরে ধীরে নিঃশেষে ফুরায়ে গেল তবু।

ভাই-বোন-স্মৃতি-শান্তি হননের ঘোরে উদ্বেলিত
বহতা নদীর মত আজো এই পৃথিবী চলেছে।
তবুও তো সেই উদ্‌ঘাতিনী
নদীরমণীর শব্দ কানে নিয়ে,- প্রাণে
আকাশে জ্যোতিষ্ক জ্বলে হস্তা অভিজিৎ,
অনুরাধা শতভিষা লুব্ধক স্বাতী;
পৃথিবীতে- হৃদয়েরো গতিপথে বর্ণালির আভা
সম্পূর্ণ দীপ্তির মত আলোকিত- ক্রমে আলোকিত হতে চায়।

লণ্ডন রুশিয়া গ্রীস দ্বীপপুঞ্জ কলকাতা চীন
অগণন কন্‌ফারেন্‌সে বিকীর্ণ য়ুরোপা,
আমেরিকা,- যেন বীতবর্ষণের কৃষ্ণমেঘ নক্ষত্রের পথে;
ক্ষণিক উজ্জ্বল হয়ে ক্লান্তি ক্লেদ ভয় অন্ধকার হতে চায়
এখুনি আবার তবু। প্রকৃতিতে সূর্য আসে, অস্তের আকাশে
চ'লে যায়;- অস্তগতিহীন শুভ্র জনহৃদয়ের
সূর্যনগরীর দিকে যেতে হবে চেতনায় মানুষের সময় চলেছে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments