| কবিতা | রোগ |
| কবি | ইবরার আমিন |
| কাব্যগ্রন্থ | সংসারপত্র |
| সময় | ২০১৯ |
| লিখার স্থান | বিনোদপুর, রাজশাহী |
| সম্পৃক্ততা | বাস্তবতা |
আমার উম্মাদ হওয়ার খবর লোকালয়ে ছড়িয়ে যাওয়ার পর;
আত্মীয়দের অনেকে দৃঢ় বন্ধনে যোগ করেছে অবহেলা,
সম্পর্কের দরজায় তালা ঝুলিয়েছে প্রিয় বন্ধুরা,
অথচ যে শিশুকে রোজ নিয়ম করে বকা দিতাম;
এখন সে নিয়ম করে মুখে হাসি মেখে আমার পাশে বসে!
আমার উন্মাদ হওয়ার খবরে আমার প্রিয় শত্রুও মানতে পারেনি;
হয়তো যুক্তি খেলায় তার প্রতিদ্বন্দ্বী নেই বলে,
অথবা তার মনে আমাকে প্রিয় আকারে ঠাঁই দিয়েছে বলে ।
আমার উন্মাদে পরিচয় পাল্টে গেছে বাবার;
মায়ের আঁচলের নোটগুলো ট্রেনে পরিণত হচ্ছে-
উঠে পড়ার সেই যাত্রী নেই!
ভাইয়ের সংসারে আমার নামের বিষয়বস্তু ঘুমিয়ে গেছে,
প্রতিবেশীর দরজা থেকেই মুছে গেছে আমার নাম;
প্রেমিকার হাসিতে ভাসতে থাকে অন্য চেহারা!
অতঃপর আমি জেনেছি-
মানুষেরা সম্পর্ক টিকিয়ে রাখে বিষয় ভিত্তিক;
মানুষেরা আধিপত্য গড়ে পরিচয় হিসেব কষে ।