কবিতা একটি আত্মহত্যার ময়নাতদন্ত
কবি ইবরার আমিন
কাব্যগ্রন্থ আমাদের বাবার পরিচয়
সময় ২০১৯
উৎসর্গ কালপুরুষ (তরিকুল ইসলাম'কে)
লিখার স্থান বিনোদপুর, রাজশাহী
Review This Poem

শরীরে ভাঁজে গুজে দেয় তপ্ত রোদের জ্বলন্ত কষ্ট;
ছুঁয়ে পড়া ঘামে সৃষ্টি হয় কৃষকের ইতিহাস,
বেলা গড়ালেও স্থান হয় না শান্ত দীঘির জলে!
রাতের আঁধারে উঠোন জুড়ে এক মুঠো ঠাঁই,
ক্লান্ত শরীর পাটির পৃষ্ঠে মৃত হয় ঘুমযোগে ।
ঘুম মৃত্যুর পর আবার ফসলের সেবায় নিয়োজিত থাকেন;
অভাবের দরজায় তবুও প্রতিদান সন্তুষ্ট হয়ে প্রবেশ করে না;
রোদের পুরোটা বয়সে বিশ্রামের ছুটি হয় না,
হাতের তালুতে আঁকা হয় পাহাড়ের গিরিপথ,
পায়ের জমিনে সৃষ্টি হয় ফসলের মানচিত্র;
তবুও ফলাফলে হেরে যায় ঋণের বোঝার ওজনে,
সন্তুষ্টির ঔষধে বিনিময় হয়ে আসে সুদ;
মূল্যহ্রাস হতাশা হয়ে নামে!
তারপর বড় হতে থাকে ঋণ,
সুদের খাতায় সমঝোতা হয় ভিটেবাড়ি স্বাক্ষরে,
শিক্ষার দরজায় ক্ষুধা ঝুলে সন্তানের ।
তারপর একদিন কৃষকের আত্মহত্যার সংবাদ বাতাসে ভাসে,
কৃষক বিখ্যাত হয় ‘নেশাগ্রস্থ ‘ বদনামে,
বদনাম মানুষের বংশ পরিচয় মুছে ফেলে,
অথচ একজন কৃষক কখনও কর্মকে ধোঁকা দেয় না;
কৃষক জানে-
কর্মে কৃষক বাঁচে, মানুষ বাঁচে,
কর্মের বিনিময়ে ফসল বাঁচে;
আর ফসলে কমে ক্ষুধার রঙ, পাল্টে যায় অভাবের আইন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted