| কবিতা | প্রেম ভিক্ষা চাই |
| কবি | হাসনাত আবীর অঙ্গন |
| সময় | মে, ২০২৬ |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ |
একদিন তুমি হয়তো বিজয় সরণি দিয়ে কোথাও যাবে।
হতে পারে তুমি ফুটপাতে হেঁটে যাচ্ছো,
অথবা চকচকে নতুন গাড়িতে করে।
আবার হয়তো তোমার সখের সেই সরকারি গাড়িতে,
যার সামনে পেছনে থাকবে পুলিশের প্রটোকল।
এও হতে পারে তুমি হয়তো রিকশা করে যাচ্ছো–
জরুরি কোনো কাজে।
হয়তো তোমার পরনে থাকবে মণিপুরী শাড়ি,
অথবা পরে থাকবে সালোয়ার কামিজ।
আবার হয়তো সেদিন মাথা ঢেকে রেখেছো–
নকশা করা রঙিন হিজাবে।
সেদিন একবার তাকিয়ে দেখো বিজয় সরণি সিগন্যালে।
দেখবে ছেঁড়া জামা আর জরাজীর্ণ শরীরে–
এক ভিখারি দাঁড়িয়ে আছে।
তুমি সেদিন একটু ওর কাছে যেও,
তুমি সেদিন একটু ওর কাছে এসো।
আল্লাহর নামে সেদিন একটু প্রেম ভিক্ষা দিও।