কবিতা সুবোধ
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দুঃখ ভোলানো বিজ্ঞপ্তি / নন্দিতা প্রকাশ
সময় এপ্রিল ২০১৪
উৎসর্গ আনানকে
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় আশা
Review This Poem

সুবোধ তুই আবার ঘুরে দাঁড়া,
অভিমানে পালিয়ে যাস না দূরে,
আমিও তোর মতোই বাস্তুহারা,
আহার জোটে না দুবেলা পেট পুরে

মন থেকে সব ঈর্ষাগুলো ঝেড়ে,
লোভী মনটা নিয়েছি শুদ্ধ করে,
হতাশারা পালিয়েছে হাত নেড়ে,
ভালোবাসা বিকোই জলের দরে

পাপবোধ বাস করে তোর হৃদয়ে?
শুনেছি তুই এখন নাকি জেলে,
আমি মামলা লড়বো তোর হয়ে,
তুই সু বোধ হয়ে যাস ছাড়া পেলে

সুবোধ তুই কটা দিন চুপ থাক,
চুপ থাকলে বাকস্বাধীনতা বাঁচে,
নিদাঘের দিন চুপচাপ কেটে যাক,
দুঃখগুলো পুড়িয়ে অল্প আঁছে

সুবোধ তোর ভাগ্যে নাকি কিছু নেই,
যদি থাকে মাথায় বুদ্ধি বুকে দম,
এসব কথা বলতো আগে আমাকেই,
যদি ওদের ভাগে পড়ে কিছু কম

আমার এখন কোনো দুঃখ নাই,
সুবোধ হওয়া কঠিন কিছু নয়,
যেই খানে যাই বন্ধু খুঁজে পাই,
সবাই জানে আমার পরিচয়

guest
0 Comments
Newest
Oldest Most Voted