কেউ কি আছো প্রচণ্ড ভালোবাসা লোভী, মায়াহরনকারী, প্রেমকাঙ্গালী!
যে আমার হৃদয় সাম্রাজ্যের রাজত্ব একছত্রভাবে দখলে নিবে। আমার মন, শরীর সকল কিছুকেই ইচ্ছেমতন শাসন করবে। ইনিয়েবিনিয়ে আমাকে যখন-তখন ভাঙ্গবে, আবার গড়বে।
শুধু একজন!
যে কিনা যখন-তখন অকারণেই তার সান্নিধ্যের জন্য জোড় জবরদস্তি করবে। সময়-অসময় আমাকে কাছে না পেয়ে, এমনি এমনি তার অভিমানের অভিযোগে আমার উপর সালিস-দরবার বসাবে।
এমন কেউ আছো কি!
যে ঝুম বর্ষার বিকালে বৃষ্টি মাথায় নিয়ে আমার সমগ্র মন খারাপ ডাকাতি করবে। আমার অবসাদের ক্ষণগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে, বেছে বেছে বের করে হিংস্রভাবে খুন করবে।
একজন কেউ!
যার রহস্যময় চোখের চাহনিতে নির্জন রাতের গভীরতা ফুটিয়ে তুলে, আমাকে তার চন্দ্রপুকুরে ফেলে ডুবাবে। দুঃখবিলাসী এই আমাকে বারবার সুখময় অসীম মুহুর্তের অনূভুতির জালে জড়িয়ে ফেলবে।
কারো তীব্র প্রেম ইচ্ছার বলি আমাকে বানাবে!
যে প্রনয়ের কড়াল গ্রাসে আমাকে গিলে গিলে খাবে। আমার ফেলে আসা জীবনের সমস্ত গ্লানি মোচনের অভিপ্রায়ে, আস্ত পৃথিবীকে লণ্ডভণ্ড করা এক যুদ্ধের আহবান করে বসবে।
কেউ তো একজন আসুক!
এসে আমার সমস্ত সুখ আর অসুখ তার অধিনে নিয়ে যাক। অগোছালো এই আমি নিশ্চিন্ত মনে নিজেকে তার কাছে সপে দেই, আর সে স্বর্গের মত পরম সুন্দর এক জগতে নিয়ে আমার হৃদয়কে তার প্রেম আগুনে ভস্মীভূত করুক, আমাকে খাটি করুক।
কেউ কি নেই, ঠিক এমন কেউ, আমি যারে চাই!
