কবিতা গুড় নদীর ধারা
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৭ এপ্রিল, ২০২৩ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

এই যে ছোট গুড় নদীটি
চলছে বেয়ে ছন্দে বেঁকে,
হাসছে দু’পাড় গাছ-গাছালি
স্বচ্ছ জলে বদন এঁকে।

এ’ ঘাট ও’ ঘাট বুনছে মায়া
নৌকা দুলে সারি সারি,
দল বেঁধে হাঁস ডাকছে ভেসে
রুখে পানার খবরদারি।

নাচছে ফসল শ্যামল ঢালে
নুপুর পরে চপল পায়ে,
পরম সুখে ঢুলছে গো-ছাগ
জাবর কেটে শীতল ছায়ে।

গেয়েই মাতাল হরেক পাখি
ওষ্ঠে মেখে ফলের জ্যোতি,
মাছরাঙা আর পানকৌড়িটার
দৃষ্টি তবে জেলের প্রতি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted