| কবিতা | আমাতেই তবু রবো আমি! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ৩০ অক্টোবর, ২০২১ইং। |
| উৎসর্গ | শুভ্র কেতকীর প্রতি। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
তোমার বর্ণিল স্মৃতি
এ হৃদয় ছিঁড়ুক না কর্কশে,
আমাতেই আমি তবু
আজীবন জেগে রবো বসে!
কেয়ার শুভ্রতা হেসে
যদি করে বাহানা হরণ,
শেফালির স্বপ্ন করবো
মালা গেঁথে এ কণ্ঠে বরণ!
আসুক বিরহী ঢেউ
জানবে না কখনো কেউ
উঠলেও নিভৃতে কেঁদে
বারে বারে দু’হাত আরশে!
আমাতেই আমি তবু
আজীবন জেগে রবো বসে!
তমসায় ডাকতে এলে
চুপিসারে জোনাকের দল,
কাঁদুনে ঝিঁঝিঁর বুকে
সপে দিবো অভয় অতল!
যদি ডাকে নিশাপতি
লুকাতে অবলা মতি
ঝাপটানো ডানার যতো
ব্যথা নিবো ডাহুকের খসে!
আমাতেই আমি তবু
আজীবন জেগে রবো বসে!