| কবিতা | বিশ্বাস জমা রাখতে পারো |
| কবি | সৃজন শারফিনুল |
| সময় | সকাল ৬.৩৬ |
| উৎসর্গ | মায়াবতী |
| লিখার স্থান | Riyadh, Saudi Arabia. |
| কবিতার বিষয় | আশা, প্রেম, সমসাময়িক |
আমার কাছে তুমি তোমার
বিশ্বাস জমা রাখতে পারো।
যদিও
সুখ-দুঃখের খাতায় কতটা বানান ভুল
সে হিসেব আমি রাখতে জানি না।
কিংবা
রাতের শেষ জ্যোৎস্নায়
চাঁদটা কতটা মলিন
সে হিসেবও আমি রাখি না।
অথবা
তোমার চোখের নীরবতায়
কতটা অপ্রকাশিত তৃষ্ণা
সে গল্পও আমি জানি না
অন্তত এটা জানি
আমাকে বিশ্বাস করলে তুমি ঠকবে না
কারণ
বিশ্বাসভঙ্গের খেলায়
আমি চিরকালই অকৃতকার্য!
আমার চোখের সজল সমুদ্রে
তোমার বিশ্বাসের ঢেউগুলো উপচে পড়ুক।
তারপর নীরবে আবার
সাগরের বুকে ফিরে যাক।