| কবিতা | প্রিয়জন |
| কবি | সাযীম হিমু চৌধুরী |
| সময় | জানুয়ারি,২০২১,রাত |
| লিখার স্থান | চট্টগ্রাম |
এক বিকেলে
খুঁজে পাই তোমাকে
পুরানো শার্টে কিংবা
উপহার দেয়া পাঞ্জাবি’র
লেগে থাকা ঠোঁটের ছোঁয়ায়।
তারপর গড়ায় সময়
রেখে হাতে-হাত
প্রণয়িনীর ঘোরে
ডুবে মরি
নামানো রিকশার হুডে,প্রথম চুমুতে
জানে,সন্ধ্যার অন্ধকার
আর দু’জোড়া ঠোঁট।
শহরের বুকে একা হেঁটে
বারেবারে হারাই
সিগারেটের ধোঁয়ামাখা প্রতি রাতে
জানি প্রিয়জন বেঁচে আছে
কোনো এক বসন্তে আলিঙ্গন করে নেবে এ আশায়
জানি প্রিয়জন বেঁচে আছে
এই আছে এবং নেই’য়ের মাঝে বিরাট এক শূন্যতায়।
আমি গুম হয়ে যাই
চেনা দীর্ঘশ্বাসে
আমি আটকে রই
আচমকা দেয়া বাঁ-গালের চুমুতে
আবার হুটহাট
হারিয়ে যাই
কতটুকু ভালোবাসি জানতে চাওয়ার মুখাবয়বে।
একদিন হারিয়ে ফেলি
সন্ধ্যার বিষন্নতায়
ঠিক বেঠিকের হিসেবে
জানি,ভালো নেই দু’টো মন
বয়ে চলা ঝড়ো বাতাসে
জানি,ভালো নেই দু’টো রঙ
তবুও রাঙায় অচেনা রঙে।
শহরের বুকে একা হেঁটে
বারেবারে হারাই
ধোঁয়ামাখা এই রাতে
জানি প্রিয়জন বেঁচে আছে
কোনো এক বসন্তে আলিঙ্গন করে নেবে এ আশায়
জানি প্রিয়জন বেঁচে আছে
এই আছে এবং নেই’য়ের মাঝে বিরাট এক শূন্যতায়।
তবুও ডুবে মরি
অতীতে
তোমার শরীরের সুঘ্রাণে
খুন হই
তোমাকে ভেবে ভেবে
নতুন যুবকের শক্ত প্রাচীরে।
জানো? এ পথে
থেমে গ্যাছে জীবনের উৎসব
আধ ভেজা জীবনের গল্প
তাই উজাড় হই
বিষাধরের ছোবলে
পুরানো সন্ধ্যার অন্ধকারে।