| কবিতা | চৈত্র মাসের খলা! (গীতিকাব্য) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১০ মে, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
দয়াল —
মরা গাঙে জোয়ার আসে
পূবাল বাতাস দেয় দোলা –
মন তবে ক্যান চৈত্র মাসের খলা!
আমি – হই যে ভেবে উতলা –
মন তবে ক্যান চৈত্র মাসের খলা!
কতো বৃক্ষ ফুল হারা হয়
আবার আসে কলি,
মাঠ ভুলে যায় বুকের জ্বালা
পেয়ে সতেজ পলি।
রাখাল গোঠে বাজায় বাঁশি
মেঘ খোশে হয় পথ ভোলা –
মন তবে ক্যান চৈত্র মাসের খলা!
দিনের শেষে জোনাই খুশি
দেখে আঁধার রাতি,
কাশ খুঁজে নেয় শরৎ এলেই
উলুর ঝাড়ে খ্যাতি।
ছিঁচকাঁদুনে আষাঢ় হাসে
প্রাণ খুলে গায় ব্যাঙ হলা –
মন তবে ক্যান চৈত্র মাসের খলা!