বাংলা কবিতা, দেখা হয়নি বলে কবিতা, কবি রাকিবুল হায়দার | কবিতা অঞ্চল
কবিতা দেখা হয়নি বলে
কবি রাকিবুল হায়দার
কাব্যগ্রন্থ আবার কোনো সমুদ্রজন্মে দেখা হবে

এক নক্ষত্রমণ্ডলীর সমান বছর দেখা হয়না নীলু,
তোমাকে ছোঁয়া হয়না,
অনন্ত নক্ষত্রবিথীর আয়ুর সমান দিন।
গত ষোলদিনে এ পৃথিবীর খাতায় অনেক ওলট-পালট হলো,
কেউ এলো, কেউ এসে ফিরে গেলো আবার।
সারা রাত ধরে শহরের সব ফুটপাতে ভীষন দাপটে-
সারিসারি হেঁটে গেলো সেনাবাহিনীর বুটজুতো।
অথচ নাগরিক রাতপ্রহরীর মাউথ অর্গানে বেজে যাওয়া-
বিষাদময় সেই সুরের কোন অর্থ খুঁজে পাওয়া যায়নি।
খুঁজে পাওয়া যায়নি কোন চিলেকোঠায় রাতভর বাজে-
এই বুকচেরা আর্তনাদ।
শুধু অনিকেত প্রান্তরে পড়ে থাকে একটা লাশ আর,
শুকনো গোলাপের কলি,
পাঁজর থেকে ঝরা রক্ত আর গোলাপের মধ্যে-
লালের দ্বৈরথে কে হেরে গেছে জানা হয়না আর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted