বাংলা কবিতা, রাধাচূড়া কবিতা, কবি শঙ্খ ঘোষ | কবিতা অঞ্চল
কবিতা রাধাচূড়া
কবি শঙ্খ ঘোষ

মালী বলেছিল। সেই মতো
টবে লাগিয়েছি রাধাচূড়া।
এতটুকু টবে এতটা গাছ ?
সে কি হতে পারে ? মালী বলে :
হতে পারে যদি ঠিক জানো
কীভাবে বানায় গাছপালা।

খুব যদি বাড় বেড়ে ওঠে
দাও ছেঁটে দাও সব মাথা
কিছুতে কোরো না সীমাছাড়া
থেকে যাবে ঠিক ঠাণ্ডা, চুপ
ঘরেরও দিব্যি শোভা হবে
লোকেও বলবে রাধাচূড়া।

সবই বলেছিল ঠিক, শুধু
মালী যা বলে নি সেটা হলো
সেই বাড় নীচে ছারিয়ে যায়
শিকড়ে শিকড়ে মাথা খোঁড়ে আর
এখানে-ওখানে মাটি ফুঁড়ে
হয়ে ওঠে এক অন্য গাছ।

এমন কী সেই মরশুমি টব
ইতস্ততের চোরা চাপে
বড়ো মাথা ছেড়ে খুদে মাথায়
কাতারে কাতারে ঝেঁপে আসায়
ফেটে যেতে পারে হঠাৎ যে
সে কথা কি মালী বলেছিল ?

মালী তা বলেনি, রাধাচূড়া !

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments