কবিতা কোবালম বীচ
কবি শঙ্খ ঘোষ

বয়স তিরিশ। কিন্তু সেটা খুব বড় কথা নয়
কিছু বেশি কিছু কম অনেকেই এ-রকম করে
দেশে বা বিদেশে এই দু’শো বছরের ইতিহাসে
অনেকেই এ-রকম শূন্য থেকে শূন্যে মিশে যায়
ভাঙা ডানা পড়ে থাকে রাজপথে, গুহামুখে, চরে।
এইখানে বাঁক নিয়ে বাঁয়ে উঠে গেছে বড় টিলা
ডাইনে আরবজল স্থির হয়ে আছে একেবারে
নারকেলপাতার থেকে কিছুদূরে ভেসে আছে চাঁদ
আমাদের চোখে আছে লঘু পালকের ছায়া, আর
মুখে জাল, শুনি সব অপঘাত উত্তরে দক্ষিণে।
সেই এক, একই কথা, লবণে ভরেছে ফুসফুস
সেই যবনিকা তুলে আরো আরো আরো যবনিকা
খুলে দেখা বীজ যার কোথাও কিছুরই মানে নেই
অনেকেই এ-রকম শূন্য থেকে শূন্যে মিশে গেছে।

বেশ কিছুদিন হল দেশ-বিদেশের মেলা শেষ
ঘরের চৌকাঠে ফিরে আপাতত নেই নোনা হাওয়া
আয়নায় দাঁড়িয়ে তবু এখনো হঠাৎ তাকে ভাবি
বন্ধুর গল্পের শেষে যেন তার আত্মা তুলে নিয়ে
না-তাকিয়ে নিচু স্বরে বালির উপরে হাত রেখে
কর্ণাটকি যে-ছেলেটি বলেছিল কোবালম বীচে ;
‘কিছু একটা করতে চাই, মরব না এভাবে বসে থেকে !’

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments