| কবিতা | প্রতিমা |
| কবি | সুশান্ত কুইলা |
| সময় | ৩০ জানুয়ারী, ২০২১ |
| লিখার স্থান | কোলকাতা |
| কবিতার বিষয় | প্রেম |
হৃদয়ে আঁকা প্রতিমা তোমারই ছবি,
তুমি যে ভালোবাসার প্রতীক।
হৃদয়ের গোপন গহ্বর থেকে,
যা পেয়েছি সবই ছিল সঠিক।
সহশ্র গোলাপ আজ ফিকে লাগে,
তোমার রুপের কাছে।
কৈশোরের করুণ প্রেমে, হয়তো
আজ সবই ভরা আছে।
প্রণয়ের তীর্থ তুমি, তুমি যে প্রতিমা।
গড়েছি নিজেকে আজ তুমুল হরষে,
যদিও তুমি আজও সেই শ্যামা।
দেখেছি নিজেকে ওই প্রতিমার মাঝে,
কবিতার মৌলিক নির্মাণ কিংবা
নানা প্রাত্যহিক কাজে।
ছুঁয়েছি রূপের ডালি নিজ হস্তে মম,
ভেবেছি অমূল্য রত্ন সম।
হৃদয়ে ছিলনা প্রেম, তবু ছিলে সুখে।
একদিন বলেছিলে সংগোপনে,
ব্যথা ভরা মুখে।
অনেক কষ্টের দাম পাওনি ফেরৎ,
কেটেছে বরষা কত, কেটেছে শরৎ।
তুমি যে প্রতিমা মম রক্তে মাংসে গড়া,
তুমি যে চিন্ময়ী, নও কাদা মাটি ভরা।
মনে ছিল শত শত অবৈধ আশা,
অচল মুদ্রার মতো হারিয়েছে ভাষা।
তবুও গৌরব তাতে, অনুপম প্রেমে
পেয়েছি যে অনাবিল সাড়া।
ভালোবাসার প্রতীক, তুমি যে প্রতিমা
তোমার তরে আজ হয়েছি পাগলপারা।