বাংলা কবিতা, অসামরিক রিভলবার কবিতা, কবি কৌশিক মজুমদার শুভ | কবিতা অঞ্চল
4.5/5 - (4 votes)

সময় এখন রাষ্ট্রযন্ত্রের দিকে
কবিতার স্ফুরিত বুলেট ছুঁড়ে দেবার-
ফায়ারিং স্কোয়াডে যখন কবিতা,
রাবীন্দ্রিক আলখাল্লা ঝুলে আছে হ্যাঙ্গারে-
পেডেস্টালে থরথর করে উড়ছে পরাধীন পতাকা-
এখনই উপযুক্ত সময় বুকের বোতাম খুলে রাষ্ট্রযন্ত্রের দিকে ছুঁড়ে দাও-
বিস্ফোরক কবিতার চিৎকার।

ধর্ষিতার রক্তাক্ত ঠোঁটে যখন বিঁধে আছে বেয়নেট,
মহান জোব্বায় পাহারা দিচ্ছেন রাষ্ট্র-
তেত্রিশটি মোরগ-মুরগি
শিকে গেঁথে বৈঠকে বুদ্ধিজীবী; রঙিন জল-
এখনই সময় রাষ্ট্রের বুকে ছুঁড়ে দিতে চাওয়া-
কবিতার জল্লাদী থুৎকার।

জংধরা সব এস্থেটিক পদ্য
এইখানে কবরে শুইয়ে-
এইখানে সব নিহত ছাত্র ও লাশেদের তুলে এনে-
সব ধর্ষিতার চিৎকার আরো আরো উচ্চগ্রামে জড়ো করে-
সময় কবিতার টলুইন বিস্ফোরক
ঠোঁটে ছুঁড়ে দেবার।

অপ্রকৃতিস্থ শব্দগুলো তুলে এনে সব,
শহরের দেয়ালে দেয়ালে,
সব প্রতিবাদ হাতের লঙ্গাস রাইফেলে তুলে,
বারুদের বেগে ছুঁড়ে দেয়া যায়-
নূর হোসেন, লোরকার মতো।
বরফের চিৎকার, হাতুড়ির সব আঘাতে আঘাতে-
কনভয় মহড়ায় বুক চিতিয়ে-
শাসকের মসনদে ছুঁড়ে দেয়া যায়-
কবিতার বাষ্পীয় টার্বাইন।
তিরিশ লক্ষ তুরুপের তাশ,
এইখানে ছুঁড়ে দেয়া হোক-
কবিতার অসামরিক তান্ডব ও উল্লাসে।

তোমাদের উৎসব কারাগারে- জানি,
মৃত্যু আলেয়ার আশ্বাস আছে-
তোমাদের প্রশাসন ও রিভলভারে- জানি,
শাসনের বেহায়া গণতন্ত্র আছে-
তোমাদের উটকো উর্দিতে জারজ হিম্মতের
সিলমোহর পরানো আছে,
তোমাদের সংশোধন, সংবিধানে- জানি,
পিষে ফেলা বুলডোজারের তান্ডব রণিত আছে।
তবু এইখানে একখানা
বিধ্বংসী যা’র (Tsar) কবিতার বিস্ফোরণে
এসে যাবে মাশরুম মেঘ-
বিধ্বস্ত রাষ্ট্রের বুকে
নেমে যেতে পারে পারমাণবিক শীতকাল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments