কবিতা কনফিউশান
কবি রাহাদ এইচ. শিশির
কবিতার বিষয় প্রেম
Review This Poem

জানালার পাশের জোনাকিরা কোথায় যেন চলে গেছে
এখন দুপুর বেলা দু’একটা পাখি টুকটাক এসে বসে
পাখিরা একা থাকতে পারে
কিন্তু কোন জোনাকিকে আমি একা থাকতে দেখিনি;
মাঝে মাঝে নিজেকে জোনাকি মনে হয়
মনে হয় কোথায় যেন চলে গেছি।

কখনো সমুদ্রের পাড়ে দাঁড়ালে মনে হয়
দূরে চলে যাচ্ছে প্রেমিকা
দূরের বন্দর থেকে তার ঘ্রাণ আসবে ভেবে
নাক গুঁজে থাকি ঠান্ডা বাতাসে
অথচ এখানে কেউ নেই, ছিলোও না হয়ত
তবুও মন খারাপ হয়
যেন বুকের ভেতর কাউকে হারানোর তীব্র যন্ত্রণা;
মাঝে মাঝে নিজেকে জোনাকি মনে হয়
মন চায় কোথাও চলে যাই।

মানচিত্রের দিকে তাকালে মনে হয় পৃথিবী অনেক ছোট
ভাবি, জীবন আর গানের দৈর্ঘ্য এক হলে কি এমন ক্ষতি হতো?
একটি দীর্ঘ কাল্পনিক প্রেমের দৃশ্যের ভেতর
জীবনের দৈর্ঘ্য ছোট করছি প্রতিদিন
মাঝে মাঝে পৃথিবীকে জোনাকি মনে হয়
আবার পাখিও।

তবে,
একটা মেয়েকে ভালো না বাসলে কখনোই জানতাম না যে বুকের ভেতর জোনাকিরাও থাকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted