| কবিতা | আঘ্রাণ |
| কবি | মল্লিকা রায় |
| কবিতার বিষয় | প্রকৃতি |
উপচে উঠেছে গোলাঘর
অঘ্রাণ ধানে,শীত কুয়াশা আমন্ত্রিত
চাদর ঠেলে দেখে নিয়েছে
রসোই পুরের উৎসব
কাছে যেও না তিন বেণী বাঁধা মেয়ে
মোড়ের কাছেই থেকো
মায়ের রসোই শেষ
নিখাদ জলে তোমায় ভেজাবে বলে
অপেক্ষার রাত জাগা,
তটস্থ থেক ঘাটপাড়,মাঝির বৈঠক
শষ্যের ঘর,যদি মেঘে মেঘে তুষের প্রলেপ
আমাকেও নিও
আমিও আল্পনা পারি,চাষের ব্রতের !
হেমসখা এতজল কোথায় গড়াবে
কিছুটা বন্দী থাক নগর সভায়
ঐশি আলোয় আমিও দেখেছি
মায়ের বিপন্ন আঁচল
ঘুমন্ত মুখ জোটবদ্ধ ছুঁয়েছে জৌলুস !
তুই এখন নথিভুক্ত মেয়ে
যে কোন সময় তোরও কান বেঁধা হবে নির্লিপ্ত সভায় !!