কবিতা কোনো এক শ্রাবণের দিনে
কবি ইসহাক মাহমুদ
সময় ৩০ মার্চ, ২০১৯
কবিতার বিষয় আশা, প্রকৃতি, প্রেম
Review This Poem

কথা ছিলো কোন এক শ্রাবণের দিনে ভিজবে আমার সাথে,
হাটতে হাটতে যাবো বহুদূর।
টুপটাপ বৃষ্টি পড়বে,
মাথার উপর থাকবেনা কোনো ছাতা।
দখিনা হাওয়ায়-
তোমার এলোকেশী চুল উড়বে,
উড়তে উড়তে একসময় আমার
মুখের উপর আঁচড়ে পড়বে তোমার চুল।

চুলের মাতাল করা গন্ধে আমি-
উতলা হয়ে যাবো ক্ষনিকের জন্য,
মন ভরে-
চুলের সুবাসিত গন্ধ উপভোগ করবো।
বৃষ্টির মাত্রা ক্রমশ বাড়তে থাকবে,
আমাদের থামার কোন নামগন্ধ
থাকবেনা তখন; হাতে হাত রেখে
অগ্রসর হবো অচেনা পথের রাস্তায়।
হারিয়ে যাওয়ার ভয় নেই,
প্রযুক্তির এই যুগে মানুষ হারায় নাহ।
তুমুল বৃষ্টিপাত দেখে –
মানুষ সব ঘরে ঢুকে যাবে,
রাস্তাঘাটে কোনো মানুষ থাকবেনা সেদিন।

কাক-পক্ষীরাও যে যার মতো করে
তাদের বাসায় পৌঁছে যাবে,
অচেনা মানুষ দেখলেই ঘেউঘেউ করে চিৎকার করা কুকুরগুলোও
নিরুদ্দেশ থাকবে সেই মূহুর্তে।
হেটে হেটে যখনই চিরপরিচিত
রাস্তায় আসবো; যে রাস্তায় আনাগোনা করে আমাদের শৈশব কেটেছে,
আমাদের কৈশোর কেটেছে
যে রাস্তায় হাটতে হাটতে –
যে রাস্তার পাশেই ছিলো
আমাদের আড্ডাস্থল-
সেখানে পৌঁছাতেই শুরু হবে
ভয়ংকর বজ্রপাত!
হাত ছেড়েই মুখ গুঁজে ঠাঁই নিবে
আমার বুকের সীমানায়-
বজ্রপাতের আওয়াজ যত তীব্র হবে,
তোমার আঁকড়ে ধরার অনুপাত
তত বাড়তে থাকবে।

তখন বলতে ইচ্ছে হবে-
এত শক্ত করে
কেউ কাউকে ধরে পাগলী মেয়ে!
তবুও বলবো নাহ কিছুই,
শুধু নিজেকে নিজে বুঝাবো-
“ভালোবাসা” শক্ত করে ধরতেই শিখায়।
নরম হাতের ধরায়
ভালোবাসা উড়ে যায়,পুড়ে যায়,
ছেড়ে যায়,দূর থেকে বহুদূরে যায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted