কবিতা পচিশ
কবি হাসান জীবন
কবিতার বিষয় প্রকৃতি, প্রেম, বিরহ, মৃত্যু
Review This Poem

এবং বোধ হয় এক শত কোটি বছর,
দ্যাখা হয় না আমাদের।
সান্ধ্য প্রদীপের নিচে তাই, জমে থাকা
নিশ্চুপ নিশাচর অন্ধকার,
চিবুকের এই এতটুকু দুরত্বেও-
আমাদের করে রাখে একান্ত পর।

এই অমুলদ অঙ্কের জীবন,
কেবল দু-একটি কীটের আশায়
তবু উপসি কাঠ ঠোকরার
ভয়ানক দুর্ধর্ষ ধারালো ঠোঁটে,
একটানা খুবলে খায়
কব্জির কাছে কারাবন্দি
আমাদের বহুকোষী অন্তর।

আমাদের তবু রক্তক্ষরণ নেই, গাছেদের মতন-
আমরা তবু এক-ই স্থানাঙ্কে স্থির দাড়িয়ে ঠায়,
পারস্পরিক মেটামরফোসিস মৃত্যুর প্রতিক্ষায়,
এই শহর অথবা সমুদ্রে, অতল ও
আত্মঘাতী জলজ নিদ্রায় বিভোর।

কেবল এই পোড়া মাটির টেরাকোটায়
সযত্নে খুব আগলে রেখে
আমাদের সব ক’টি কান্নার স্বর,
আমাদের যত ফোনেটিক অক্ষর,
আমরা পাড়ি দেই আর একটি বছর।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted