| কবিতা | রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি |
| কবি | আজিজুল হক |
| সময় | 25/10/22 |
| উৎসর্গ | মাধবীলতা কে |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| সম্পৃক্ততা | বর্তমান সমাজ |
***রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি***
আজিজুল হক
আমার অনেক কথা বলার বাকি,
অনেক কথা আমি বলতে চাই,
আসলে কত কথাই তো বলা হয়ে উঠে না..
একসাথে পথ চললেও কত বলতে চাওয়া কথা না বলাই থেকে যায়!
মানুষগুলো কাছে থেকেও কেমন যেন দূরেই থেকে যায়!
আমার খুব ইচ্ছে করে, মন বলে অদৃশ্য পাহাড় টা কে খনন করে সিন্ধু সভ্যতার প্রাচীন লিপি গুলোর
পাঠোদ্ধার করতে….
খুব ইচ্ছে করে তোমার মন টা কে কুমোরটুলিতে নিয়ে গিয়ে আমার ইচ্ছেমত গড়ি,প্রতিমার মত করে,ইচ্ছে মত তাতে রং দেই,ইচ্ছেমত তাতে প্রকোষ্ঠ গুলো গড়ি, তাতে শুধু একটাই অলিন্দ থাক!
আমার খুব ইচ্ছে করে অজন্তা ইলোরার গুহাচিত্র গুলোকে দূর্বাসার দুয়ারে ছুঁড়ে ফেলি!
শাজাহানের কবর থেকে মমতাজ কে তুলে জিজ্ঞেস করি,তোমার সত্যি কি সব কথা বলা শেষ?
তাজমহলের প্রতিটি পাথর কি তোমার কান্না শুনতে পায়? তোমার সব কথা কি তারা জানে!
তুমি কি প্রসব যন্ত্রনায় ভোগ আজও !
না বলা কথা গুলো কি তোমায় প্রশ্ন করে রোজ!
আমার ইচ্ছে করে তোমার না বলা কথা হয়ে উঠতে
এক জনমে না হয় আরও কোন এক জনমে..
আচ্ছা,তুমি কি কারও সঙ্গে রোজ কথা বল,
চ্যাটিং কর? কিংবা আঁড় চোখে আঁড়ি পাত মেহেরগরে!
তুমি কি সিন্ধু সেঁচে মুক্ত খোঁজ?
তুমি কি শক্তি সাধনায় ব্রত থেকে বেহেশ্তের হুর কিংবা পরীর খোঁজে আরাধনা কর?
আসলে ধর্ম তো নয় ,তুমি লোভের আবাদ কর!
কাল মেয়ের প্রসাদ খেয়ে সাদা চামড়ায় মজো!
দ্বিচারিতায় ভোগ!!!
নইলে ইশতেহার গুলো বদলায় কেমন করে?
ভালোবাসার চোখে জল দেখেছ কখনও!
হয়তো অনেকবার!
আগুন দেখেছ ফাগুন পাখির চোখে?
আমি দেখেছি, নির্লজ্জ আদিম মানসিকতায় শেষ রক্ত বিন্দু দিয়ে,
নৈরাজ্য আর নৈরাশ্যের ভয়ঙ্কর মেলবন্ধন!
সূর্য উঠে তাতে রোজ!
আমি কৃষ্ণ – মহম্মদের চোখে জল দেখি ‘ তায়।
আমি একবার তোমার হাতে আমার হাত টা রাখতে চাই ,
অন্তত ,বিশ্বাসে শেষবার..
তারপর ,আমার দুয়ারে দাড়ানো চিত্রগুপ্তের খাতা টা আগুনে পুড়িয়ে দিয়ে মিথ্যে প্রেম গুলোকে কৃষ্ণ সাগরে ভাসিয়ে দিই,
আরব সাগরে তা মিশে যাক,
আমরা না হয় আর একবার একসাথে বসি..
চোখে না হয় চোখ না রেখেই,
রবীন্দ্রনাথ কে জিজ্ঞেস করি,
কান পেতে শুনতে পেয়েছ কি ,তোমার অমিত,লাবণ্যের ধর্নায় বসে বাবুর্চিদের লাঠির ঘায়ে চিৎকার?
আসলে তুমিও তো এখনও আমার মত ভিক্টোরিয়া ওকম্পা কেই খুঁজে বেড়াও শেষ একবার কথা বলবে বলে,
আমার মত,অনেক না বলা কথা…….
যা কখনও বলা হয়ে উঠে না!
আজিজুল হক
25/10/22