কবিতা আমাকে স্বাধীন করো
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
Review This Poem

আমাকে আর তোমরা বেঁধে রেখো না খাঁচায়।
আমিও উড়তে চাই অন্যদের মতন
মুক্ত গগনের তলায়।
দেখি ওরা প্রত্যহ শিস দিয়ে,
ডানা ঝাপটিয়ে, একরাশ পালক খসিয়ে,
আমাকে উপেক্ষা করে,
আমার সামনে দিয়ে উড়ে যায়।
একরাশ হতাশা নিয়ে দেখতে থাকি ওদের উড়ে যাওয়া।
আবার কোনোদিন যাবার বেলায়
আমার এই বদ্ধ ঘরের পাশে
এসে জিজ্ঞাসা করে, ‘আহা রে, তোর বুঝি খুব কষ্ট’!
প্রশ্নের জবাব ভাষায় না দিয়ে,
চোখের জলেই জানাই তার উত্তর।
ভোরের হালকা আলো, স্নিগ্ধ শীতল বাতাস-
আমার গায়েও লাগে, ওদের গায়েও লাগে।
বিকালে ঘরে ফেরার তাগিদা দেখি সবার।
দলবেঁধে অনেক উঁচু দিয়ে ওরা উড়ে যায়,
সারাদিনের সকল বোঝাপড়ার গল্প সারে।
আমি তবু পড়ে থাকি সারাক্ষণ এই খাঁচার ভিতর।
আমার এই ক্ষুদ্র দেহ থেকে
প্রাণবায়ুর অবসান ঘটছে ক্রমশ,
মুক্ত গগনের ছোঁয়া-
অন্তরে না পাওয়ার ঘাটতিতে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted