| কবিতা | আত্মহত্যার পর |
| কবি | সোয়েব মাহমুদ |
| কবিতার বিষয় | বিরহ |
আত্মহত্যার পর আমার -
কোনও ঝড়ের রাতে লোডশেডিং
তোমার দেয়া রুহের মাগফেরাতে
আমি ফিরে ফিরে আসবো প্রিয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগ -
তোমাকে জিজ্ঞেস করবো কতটা কৌশলে
প্রকৌশল বিদ্যা শিখলে তুমি-
জিজ্ঞেস করবো কতটা হাঁসছো তুমি বেনোজলে,
কতটা কাঁদছো শরণার্থী রোদে-
আর কিছু নয় - কিছু নয় হয়তো।
হয়তো
একেবারেই কিছু জিজ্ঞেস না করে চলে যেতে পারি,
একেবারেই স্পর্শ না করে
ক্যাকটাস আমি হেঁটে যেতে পারি, ছায়াদের মায়ায় ছায়ায়!
শুধু বুকপকেটে
মেরিলিন মনরো-সোফিয়া লোরেন-লিন্ডসে ওয়াগনার পাগলের মতো আর্তনাদ করলো,
চীতকার করে বললো চাররাস্তার পাগলটা
আত্মহত্যার পর আমি ফিরে আসতে পারি -
তোমার দেয়া রুহের মাগফেরাতে - বারবার
কোনও ঝড়ের রাতে - লোডশেডিং -
