| কবিতা | স্বকীয় চিতা |
| কবি | কান্ত রায় |
| সময় | অক্টোবর, ২০২০ |
| লিখার স্থান | সুনামগঞ্জ,সিলেট,বাংলাদেশ |
তোমার কথা সাব্যস্ত কোরতে গেলে;
ঘর্মগ্রন্থি থেকে ঘামের বদলে,
নির্গত হতে থাকে নরম অস্মিতা-
বাহুমূলের নিম্ন অংশবিশেষে,
অযাচিত কিছু অভিরুচির গন্ধে দূর্গন্ধ ছড়ায়-
তবুও সুগন্ধির পশ্চিমমুখী যাত্রা,
থেমে দাঁড়ায়।
কেননা;
মৃতের পাশে জ্বলতে থাকা-
আগরবাতির গন্ধ দামী সুগন্ধির চেয়েও,
বেশি প্রিয় আমার।
এক এক কোরে,
জ্বালানি কাঠের স্তুপ তৈয়ার করি-
চন্দন কাঠে সাজানো;
একটা স্বকীয় চিতা থাকা সময়ের দাবি!
আমার পরমায়ু,
অপেক্ষাকৃত দীর্ঘায়িত হয়,
যেহেতু;
মর্মপীড়ার সিঁথির সিঁদুরের জোর বেশি!
তর্জনী আঙ্গুলে,
সিঁদুর পড়ানোর স্থিরতা ভোলে-
সংগীতের মাথার এক কোণে সিঁদুর পড়িয়ে দেই,
যখন কবিরচিত কোনো গান-
এভাবে সিঁদুর পড়ে;
তখন নাকি কবিওয়ালা-
গভীর ব্যাপকে পিছনে চলে যায়!