বাংলা কবিতা, শঙ্খনীলা কবিতা, কবি হাসান জীবন | কবিতা অঞ্চল
কবিতা শঙ্খনীলা
কবি হাসান জীবন
সময় ১৫ জুন, ২০২০
লিখার স্থান সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
Review This Poem

কোন কোন চেনা পথে
পুরনো পায়ের গন্ধ এখনো পাই।
এখনো বুকের আলমিরা খুলে দেখি
ন্যাপথলিনময় সময়ের ভাঁজে
পড়েনি, এই এতটুকু আঁচড়।

শঙ্খনীলা,
খুব ভালো, আছ বোধহয়?
নিয়মিত, খুব ভালো, থাক বোধহয়?

আমি?
আমি আছি, ঠিক যেমন ছিলাম তেমন।
খুব ভালো।

জানো তো?
এই ক্রিস্টাল কাঁচের কারাগারে
কেউ কেউ ভালো থাকে,
আর কারো কারো, ভালো থাকতেই হয়।
এই বিরান উপত্যকার বন্দিশিবিরে
কেউ কেউ ভালোবাসে
আর কারো কারো, ভালোবাসতেই হয়।

অহেতুক ভালো থাকার কোরাসে
এখনো তাই
নিয়ম করে রোজ আমি গলা মেলাই।
আগন্তুক ফেরিঅলার কাছে কিনে নেই
ভালো কিছু সস্তা সদাই।
আর হাতের কাছে হাতড়াই
পুরনো, ভালো থাকা হাতঘড়ি।

তবে, বুকের বাম পাশটার, অনুভূমিক রেখাগুলো
মাঝে মাঝে কেমন একটু কেঁপে ওঠে।
আর মগজের নিউরনে
কিছুটা চিন চিন করে,
জমে থাকা পুরোনো সময়ের ঘা।
এই এতটুকুই।

এছাড়া আমি, ভালো আছি খুব।
আর এভাবেই ভালো থাকি রোজ।
রোজ আমার অফিসিয়াল নোটিশ বক্সে
বড় করে ঝুলে থাকে-

আমার খুব ভালো থাকার
স্থায়ী প্রজ্ঞাপন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted